শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পাঁচগাঁওয়ের পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পাঁচগাঁও গ্রামের মমতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৮), দক্ষিণ রানীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মুসা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাওসার আলী (৩০) এবং একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলামের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) কামারুজ্জামানের নেতৃত্বাধীন একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন চার যুবককে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক মো. দিদারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




