শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে একটি পাওয়ার টিলার ও প্রায় সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ সেপ্টেম্বর বুধবার ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তাওয়াকুচা বিওপির কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গজনী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পাওয়ার টিলার ও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পাওয়ার টিলার ও কসমেটিকসগুলো জব্দ করেন। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।




