শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল শিক্ষকসহ দুইজন আহত হয়েছেন। একইসাথে ওই স্কুলশিক্ষকের কাছ থেকে প্রায় পৌণে ৩ লাখ টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা। ২০ সেপ্টেম্বর রবিবার সকালে সরেজমিনে গেলে এসব অভিযোগ করেন ভুক্তভোগী স্কুলশিক্ষক শাহীনূর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে গত ১৫ সেপ্টেম্বর রাতে শ্রীবরদী উপজেলার ঘোরজান এলাকায় ঘোরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনূর রহমান ও তার বাবা মো. ইসরাফিল হোসেনের ওপর হামলা চালায় একই গ্রামের ফরহাদ হোসেন, ফারুক হোসেন, তাদের বাবা মোবারক হোসেন মুক্তার ও আরিফুল হকসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন। এতে শাহীনূর ও বাবা গুরুতর আহত হন৷ একইসাথে অভিযুক্তরা শাহীনৃরের মোটরসাইকেল ভাংচুর করে এবং নগদ পৌণে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।
পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় থানায় ৪ জনকে স্বনামে আসামি করে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক। একইসাথে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




