শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর শালচুড়া এলাকায় কূপ খননের সময় নিহত নারায়ণ কোচের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদা হক দিপা ফাউন্ডেশন। ২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার উত্তর শালচুড়ায় নারায়ণ কোচের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ফরিদা হক দিপা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দিপা।

ওইসময় তিনি মৃত নারায়ণ কোচের স্ত্রী জয়ন্তী কোচের হাতে একটি দুধাল গাভী তুলে দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন। গাভী উপহার পেয়ে নিহত নারায়ন কোচের স্ত্রী জয়ন্ত্রী কোচ ফরিদা হক দিপা ও ফরিদা হক দিপা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওইসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের কন্যা রুবাইদা হক রিমঝিম, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুমাইয়া আলম, সংসদ সদস্যের প্রতিনিধি মাহমুদুল হাসান রুবেল, উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন্নাহার কহিনুর, সাধারণ সম্পাদক মোছা. জেসমিন, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাদব হাজং, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টারজানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বছর উত্তর শালচুড়া এলাকায় পানির কূপ খননের সময় দুর্ঘটনায় নারায়ণ কোচ ও তাঁর ভায়রা ভাই নিরঞ্জন কোচের মৃত্যু হয়। ঘটনার পর শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও তাঁর সহধর্মিণী ফরিদা হক দিপা ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তাসহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন।




