শেরপুরে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে বাজার মনিটরিং-এ মাঠে নেমেছেন জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা। ৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শন করেন তারা। ওইসময় ন্যায্যমূল্যে সার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা।

পরিদর্শনকালে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন ডিলারদের স্টক রেজিস্টার, সারের বর্তমান মজুত এবং নির্ধারিত সরকারি মূল্যে সার বিক্রির বিষয়টি নিবিড়ভাবে যাচাই করেন। ওইসময় তিনি কোনোভাবে সারের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন সেজন্য কৃষি কর্মকর্তা ও ডিলারদের নির্দেশনা দেন। একইসাথে কৃষকের স্বার্থ রক্ষা, সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করতে ডিলারদের কার্যক্রমের ওপর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে ন্যায্যমূল্যে ও কোন হয়রানী ছাড়াই সার পেয়ে খুশি কৃষকরাও। তারা নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখার দাবি জানান।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থে নিয়মিত সারের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।




