‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সায়েম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রশিদা বেগম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনা রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করা জরুরি।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলসংগীত, নজরুল নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। স্থানীয় দুই শিল্পীও নজরুলসংগীত পরিবেশন করেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




