শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার দুপুরে উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে ১০০টি ফলজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক নিজ হাতে আদর্শ রিসোর্ট এবং মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, জেলা উপ-সহকারী নিবন্ধক সাহাদাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বর্তমান চেয়ারম্যান ছালেহ আহমেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই উদ্যোগে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডও অংশ নিয়েছে। উপজেলা পর্যায় থেকে প্রতিষ্ঠানটি বিভাগে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এজন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।




