শেরপুরের নকলায় ২টি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ১৫ আগস্ট শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৫৫) এবং পৌরসভার জালালপুর মহল্লার আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া (৫৫) নকলা থানার একটি রাজনৈতিক মামলার এজাহার নামীয় আসামি। অপরদিকে চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান (৬০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, পৌরসভার বাজারদী মহল্লার নাইম পারভেজ (৩০) নকলা থানার একটি রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




