যুদ্ধকালীন কম্পানি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা (৮২) মৃত্যুবরণ করেছেন। ২৮ জুলাই মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একইদিন বাদ জোহর শেরপুর শহরের মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম ও বাদ আছর তাঁর গ্রামের বাড়ি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার বারাকপাড়া মহল্লার বসবাস করতেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি শেরপুর জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি এবং বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এদিকে তার মৃত্যুতে শেরপুর জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা প্রতিষ্ঠসহ সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দেশের প্রান্তিক একটি ইউনিয়নের একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি অত্যন্ত সুনাম ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।




