শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সেন্ট লিও ধর্মপল্লীর পক্ষ থেকে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৮ জুলাই শনিবার বিকেলে বারোমারী সেন্ট লিও ধর্মপল্লী প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সুচিত্রা চিরান। পরে বক্তব্য দেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন এবং ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি কোপেন নকরেক। সমাপনী বক্তব্য দেন ফাদার তরুণ বনোয়ারী।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংসদ সদস্য ফাহিম চৌধুরীর ভূমিকা প্রশংসনীয়। তাঁরা নকলা-নালিতাবাড়ী অঞ্চলের উন্নয়নে তাঁর চলমান উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংবর্ধনা পেয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব। নকলা-নালিতাবাড়ীকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। ওইসময় ধর্মপল্লীর ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




