টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় ওই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে যাত্রীবাহী ছোট যানবাহন ও পণ্যবাহী ভারী যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।

এদিকে পাহাড় ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বনবিভাগের কর্মীরা। তারা রাস্তা থেকে মাটি ও গাছপালা সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। ওই সড়কটি দিয়ে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে জামালপুরের বকশীগঞ্জের কামালপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যান চলাচল করে।
বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুরে হঠাৎ করেই পাহাড়ের মাটি ধসে শেরপুর-কামালপুর সীমান্ত সড়কের উপর পড়ে। বৃষ্টি অব্যাহত থাকায় কাদা-মাটি সরাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। সাথে সাথে গাছ কাটা হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনরায় সচল করতে চেষ্টা চলছে।




