প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন শনিবার সকালে নালিতাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ হাকাম হীরা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় আগামী ছয় মাসে নালিতাবাড়ী উপজেলায় ২৩ হাজার এবং পৌর এলাকায় এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সরকারি এ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।
পরে পৌরসভা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।




