ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত ‘পুশইনের’ চেষ্টার প্রতিবাদে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১২ জুন শুক্রবার বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গড়কান্দা মোড়ে গিয়ে শেষ হয়।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, নালিতাবাড়ী পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, উপজেলা খেলাফতে মজলিশের সেক্রেটারী মুফতি তাজুল ইসলাম, নকলা উপজেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারী আরিফ রাব্বানী প্রমুখ। সমাবেশে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি ১১-দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সীমান্ত দিয়ে জোরপূর্বক পুশইনের যেকোনো চেষ্টা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। তাঁরা সীমান্তে বিজিবির নজরদারি আরও জোরদার করার দাবি জানান।
সমাবেশ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সরকারের কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর আহ্বানও জানানো হয়।




