নকল মোড়কে ভেজাল কীটনাশক এনে দোকান থেকে আসল কীটনাশক নেওয়ার চেষ্টা করার অভিযোগে ফরহাদ মিয়া নামে এক কলেজছাত্রকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৯ জুন মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকার আল আমিন এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত ফরহাদ মিয়া উপজেলার গোজাকুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ মিয়া অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে নকল ৭ লিটার এমিস্টারটপ ৩২৫ ইসি এবং ১ লিটার ইনসিপিও ২০ এসসি কীটনাশক সংগ্রহ করেন। মঙ্গলবার দুপুরে তিনি ওই নকল পণ্য নিয়ে আল আমিন এন্টারপ্রাইজে গিয়ে আসল কীটনাশকের সঙ্গে বদল করার চেষ্টা করেন। ওইসময় তার আচরণে সন্দেহ হলে দোকান মালিক বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবহিত করেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কীটনাশকগুলো যাচাই-বাছাই করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং ভেজাল কৃষি উপকরণের বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের দায়ে ফরহাদ মিয়াকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি উপকরণে প্রতারণা বা ভেজাল সংক্রান্ত কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হচ্ছে। কৃষকদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডই বরদাশত করা হবে না।




