ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। ৩০ মে শনিবার সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

মৃত ৪ মাস বয়সী শিশু ২২ মে হামের উপসর্গে ভর্তি হয়েছিল। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কিশোরগঞ্জের পূর্ব ঝিনারই গ্রামের বাসিন্দা। অপর সাড়ে তিন মাস বয়সী শিশু ২৫ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ভর্তি হয়েছিল। গতকাল সকালে তার মৃত্যু হয়। সে ময়মনসিংহ নগরের আকুয়ার বাসিন্দা।
গত ১৭ মার্চ থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৪৯ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু। এই সময়ে কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেনি। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১১৬ শিশু।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সংখ্যাও কমে আসবে।




