ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মে রবিবার রাতে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, মোহাম্মদ জুবায়ের রহমান, জুবাইদুল ইসলাম, নাঈম ইসলাম, তারিকুল ইসলাম, মেহেদি হাসান শামীম, আমিনুল ইসলাম রাজু, সুলতান আহমেদ ময়না, আরফান আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন এবং আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং উপস্থিত সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা তার বক্তব্যে বলেন, জুলাই পটপরিবর্তনের পর আমরা কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত না করে স্বাধীনভাবে আমাদের পেশা এবং সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণ ও বিপদে-আপদের তাদের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে। এর পাশাপাশি গত বছর শেরপুর জেলার উন্নয়নে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে দেশের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর ফলশ্রুতিতে আমরা আগামী দিনে শেরপুরে রেললাইন, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ পেতে যাচ্ছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। তাই আগামী দিনেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে জেলার উন্নয়নসহ পেশাগত মান উন্নয়ন এবং যেকোনো সাংবাদিকের উপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে একতাবদ্ধ থাকার অঙ্গীকার করছি।
ওইসময় প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




