শেরপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নালু ওরফে নাতু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ মে রবিবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নালু গাজীরখামার উত্তর কান্দাপাড়া এলাকার মৃত মফিজল হকের ছেলে। সোমবার দুপুরে নালুকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী (১৮) গাজীরখামার বাজারে প্রায়ই ঘুরাফেরা করতেন। রবিবার দুপুরে নালু ওরফে নাতু তাকে বাজারের এক কোনায় নিয়ে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নালুকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নালুকে আটক করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় রাতেই ওই তরুণীর মা বাদী হয়ে সদর থানায় নালু মিয়াকে আসামি করে সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ওই তরুণীর মায়ের দায়ের করা মামলায় নালুকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণচেষ্টার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।




