শেরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রিভেনশন অব ভায়োলেন্স এন্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেইনস্ট চিলড্রেন এন্ড ওমেন ইন বাংলাদেশ ( পিভিএইচপি) প্রকল্পের জেলা পর্যায়ের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পিভিএইচপি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. শামীমা নাসরিন।

ওইসময় তিনি নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবিলায় কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চা এবং সংশ্লিষ্ট প্রকল্পসমূহের আন্তরিক কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম. আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা প্রমুখ। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।




