শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হিরোইনসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে। ৯ মে শনিবার থানা পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শ্রীবরদীর মাটিফাটা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে কমল মিয়া (৪০), তার সহযোগী ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী (৫২) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া গ্রামের মৃত আখের বক্সের ছেলে মজনু মিয়া (৫২)।

পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে শ্রীবরদীর মাটিফাটা এলাকার কমল মিয়ার বাড়ির সামনে থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কমল মিয়া (৪০) ও তার সহযোগী ইদ্রিস আলীকে অটক করা হয়।
অপরদিকে ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী ব্রিজের উত্তর পাশে নুরুল ইসলামের চায়ের দোকান থেকে ৫ গ্রাম হেরোইনসহ মজনু মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, ওই ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে আটক তিনজনকে শেরপুরের আদালতে পাঠানো হয়েছে।




