আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাদিম। ৪ এপ্রিল শনিবার কলসপাড় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ওই ঘোষণা দেন।

প্রার্থিতা ঘোষণার পর উপজেলা ও কলসপাড় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
নাজমুল হাসান নাদিম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানান।

মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি পবন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
প্রার্থীতা ঘোষণার সময় নাদিম বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং নালিতাবাড়ীর উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি দলীয় সিদ্ধান্ত ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার কথা জানান।




