আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাশেদুল ইসলাম জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শহর ও মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা বৃদ্ধির আহবান জানান। পরে পুলিশ বলেন, আসন্ন ঈদে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী সার্বক্ষণিক সজাগ রয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, ডিআইও-১ মো. মিজানুর রহমান, টিআই-১ মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




