শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নালিতাবাড়ীতে নানা অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির প্রেস ব্রিফিং নিয়ে ধানের শীষের এমপি প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর পক্ষে পাল্টা প্রেস ব্রিফিং হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১টার দিকে নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে নকলা উপজেলা বিএনপি ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে মোহাম্মদ ফাহিম চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নালিতাবাড়ী ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাহী ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন ভিপি।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠে দাবি করা হয়, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি ১০ ফেব্রুয়ারি মঙলবার রাতে নালিতাবাড়ী পৌরশহরের গাজীরখামার টেম্পুস্ট্যান্ড এলাকায় তার প্রধান নির্বাচনি পরিচালনা কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও তার কর্মীসমর্থকদের নিয়ে যেসব মিথ্যা তথ্য দিয়েছেন তা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশংকায় নানারকম বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল সংখ্যক কর্মীসমর্থক থাকার কারণে আমাদের প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনকে বানচালের জন্য পায়তারা করার অভিপ্রায়ে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে তারা নানাধরণের মিথ্যা, অসত্য তথ্য ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন।

প্রেস ব্রিফিং এ আরও দাবি করা হয়, যেহেতু আমাদের নির্বাচনি অভিজ্ঞতা রয়েছে সেহেতু আমরা নির্বাচনি তফসিল অনুযায়ী নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত নির্বাচনি সকল আচরণবিধি মেনে চলছি এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীগণ তা মেনে চলবে বলে আমরা প্রশাসন এবং নকলা ও নালিতাবাড়ীর সম্মানিত ভোটারবৃন্দকে আশ্বস্ত করছি।
প্রেস ব্রিফিংয়ে নকলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান খোরশেদ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, জাতীয়তাবাদী সেচ্ছাসেবী দল কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক নাহার নিপুনসহ নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি মঙলবার রাতে নালিতাবাড়ী পৌরশহরের গাজীরখামার টেম্পুস্ট্যান্ড এলাকায় প্রধান নির্বাচনি পরিচালনা কেন্দ্রে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও তার কর্মীসমর্থকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা বিষয়ে অভিযোগ এনে প্রেস ব্রিফিং করেন।




