বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, তার প্রথম নামাজে জানাজা বুধবার বেলা আড়াইটায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে ও দ্বিতীয় নামাজে জানাজা বিকাল ৫ টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে বুধবার ভোরে নুরুজ্জামান বাদলের মরদেহ শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকার গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও দলীয় নেতাকর্মীরা।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস করতেন। তবে মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
ময়মনসিংহ নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।




