শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় হেরোইন সেবনরত অবস্থায় চাঁন মিয়া নামে এক মাদকসেবীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত চাঁন মিয়া উপজেলার ফতেহপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, বুধবার রাতে শ্রীবরদী পৌর এলাকার মুন্সিপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সেবনরত অবস্থায় চাঁন মিয়াকে আটক করে থানা পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধৃত চাঁন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
ওইসময়, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, এস আই হাবিবুল্লাহ খান, এএসআই নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলীসহ পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।




