ময়মনসিংহ বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেছেন, ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণকে দক্ষ সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। এ অঙ্গনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যম সমাজের আয়না ও উন্নয়নের সহযাত্রী। প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের গঠনমূলক মতামত সবসময়ই মূল্যবান। তিনি ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময়কালে ওইসব কথা বলেন। ওইসময় বিভাগীয় প্রেসক্লাবের তরফ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি ম. কিবরিয়া চৌধুরী সেলিম, এম মোখলেসুর রহমান খান ও মতিউল আলম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খসরু ও ভজন দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক লিটন, সমাজকল্যাণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন আহমেদ, এস এম শহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান তালুকদার, নাবিলা আফরিন প্রমুখ।
তারা নতুন বিভাগীয় কমিশনারকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্বকালকে সফল ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নবনিযুক্ত কমিশনারের পূর্ববর্তী দায়িত্ব পালনকালীন সাফল্য ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। পাশাপাশি প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।




