সততা, নৈতিকতা এবং মানবিক কর্মতৎপরতার মাধ্যমে শেরপুরের সর্বমহলে সমাদৃত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের বদলি উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশে উদ্যোগে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারকে দক্ষ, সৎ, কর্মোদ্যমী, চৌকস ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে বর্ণনা করে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। পরে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুলিশ সুপার তার বিদায়ী ভাষণে সহকর্মীদের জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেরপুরে চাকরি জীবনের বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ড. শিবলী সামিউল তুষারসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।









