শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ২২ নভেম্বর শনিবার দুপুরে তিনি ওই পরিদর্শনে যান। তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকসেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

ওইসময় তিনি পর্যটনকেন্দ্রের বিদ্যমান সুযোগ-সুবিধা, ব্যবস্থাপনার মান ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটকবান্ধব পরিবেশ সুনিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক বলেন, শেরপুরে পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানসম্মত সেবাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে ৬০ টি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থাপনার নিরাপত্তা বৃদ্ধিকরণ ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।জেলা প্রশাসনের নিরবিচ্ছিন্ন তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেরপুরকে একটি সমৃদ্ধ, নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় জেলা প্রশাসন বদ্ধপরিকর।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




