শেরপুরের শ্রীবরদীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফ আহাম্মদ ইমরানের বাড়ির ড্রয়ার থেকে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৯ অক্টোবর বৃহস্পতিবাার দিবাগত রাতে পৌর শহরের সাতানি এলাকায় ইমরানের ব্যবহার করা ড্রয়ার থেকে ওইসব মদ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে মাদক ব্যবসায়ী ইমরানকে পাওয়া যায়নি। ইমরান স্থানীয় হুমায়ুন তালুকদারের ছেলে।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ আহাম্মদ ইমরান শ্রীবরদীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকবার জেলও খেটেছে সে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী পৌর শহরের সাতানি এলাকায় ইমরানের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় ইমরানের বাড়ির ড্রয়ার থেকে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, ওই ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ইমরান ও সৈকতকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।




