শেরপুরে প্রাকৃতিক পরিবেশ ও বিলের বাস্তুতন্ত্র রক্ষার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬০টি অবৈধ চায়না দুয়ারি ও ১০টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের বউলি বিলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

এদিন বউলি বিল এলাকায় চার ঘণ্টা অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ চায়না দুয়ারি এবং ১০টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, সদর থানার এসআই নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।




