শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে জেলার পূজা উদযাপন ফন্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

ওইসময় তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি যেকোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা পস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন। তিনি বলেন, পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, রেজিষ্ট্রার ব্যবস্থাকরণ, নৈশপাহারার ব্যবস্থা, মন্ডপগুলোতে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেট/চার্জার লাইটের ব্যবস্থা রাখা, পূজামণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে ফ্যাক্ট চেক করে গুজব প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আযান ও নামাজের সময় মাইক বাজানো বন্ধ রাখাসহ যথাসময়ে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ যানজট নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে বলে পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন।

পরে পুলিশ সুপার জেলার সকল পূজামণ্ডপের জন্য উপস্থিত নেতৃবৃন্দের হাতে থানার ওসি, ডিউটি অফিসারসহ জরুরি প্রয়োজনীয় ফোন নম্বরসম্বলিত প্ল্যাকার্ড তুলে দেন।
মতবিনিময় সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মো. শহীদুল হক, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ-সহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দেসহ বিভিন্ন পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




