দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ শেরপুরে প্রকাশ্যে গণশুনানীর আয়োজন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রকাশ্যে ওই গণশুনানীর আয়োজন করেছে শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয়। এতে প্রধান অতিথি থাকবেন ‘দুদক’ এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

ওইসময় জেলার সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানীতে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানী করবেন। একই সাথে অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ৩১ আগস্ট রবিবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদ এসব তথ্য জানান। ওইসময় সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম ও মো. আতিউর রহমান উপস্থিত ছিলেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলামসহ অন্যান্য সাংবাদিকদের মধ্যে দেবাশীষ সাহা রায়, শহিদুল ইসলাম হীরা, তারিকুল ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ।

সাংবাদিকরা ওইসময় শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও অনিয়মের বিষয়ে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত দুদক কর্মকর্তাদের কাছে আহ্বান জানান।
এদিকে দুদক এর সমন্বিত শেরপুর ও জামালপুর জেলার উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ৫ আগস্ট এর আগের দুদক এবং ৫ আগস্ট এর পরের দুদক অনেক পার্থক্য রয়েছে। আমরা এখানে দুর্নীতিবাজ, ঘুষখোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে শেরপুরের বেশ কয়েকজন দুর্নীতিবাজের তদন্ত চলমান রয়েছে তাদের বিষয়ে সর্বশেষ তথ্য খুব শীঘ্রই জানানো হবে। এছাড়া ৮ সেপ্টেম্বর গণশুনানিতে শেরপুরের সাধারণ মানুষ যেন উদ্বুদ্ধ হয় দুর্নীতিবাজদের তথ্য দিতে সে বিষয়ে সাংবাদিকদের প্রচারণার মাধ্যমে সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




