শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর মো. হুমায়ুন (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জুলাই সোমবার বিকেলে পৌর শহরের আমবাগান এলাকার ভোগাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে একই নদী থেকে হুমায়ুনের চালানো সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছিল। হুমায়ুন শেরপুরের নকলা উপজেলার ডুকুরিয়া গ্রামের খোকা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ ভোগাই নদীতে একটি সিএনজি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ সিএনজিটি উদ্ধার করে। নাম্বার প্লেট দেখে ঝর্ণা খাতুন নামে এক নারী তার স্বামীর সিএনজি বলে সনাক্ত করেন। পরে বিকেলে সিএনজি উদ্ধার হওয়া স্থান থেকে আধা কিলোমিটার দূরে শহরের আমবাগান এলাকার ভোগাই নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
হুমায়ুনের স্ত্রী ঝর্না খাতুন জানান, গত শনিবার রাত ১০টার দিকে হুমায়ুন বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হন। পরদিন রবিবার তার সঙ্গে একবার মোবাইলে কথা হলেও এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নদী থেকে সিএনজিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।




