ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল খুলছে অফিস-আদালত। এর মধ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে ঈদে ফাঁকা থাকা ঢাকা এখন পুরোনো চেহারায় ফিরছে।

যাত্রীর পাশাপাশি সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। এবার ঈদুল আজহা উদযাপন করা হয় গত ৭ জুন। এর আগে ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি। ঈদ উপলক্ষে আগেই ৬ দিনের ছুটি ঘোষণা করে সরকার। পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তারপর ১৩-১৪ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পান চাকরিজীবীরা।


গতকাল শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে মানুষের ভিড় ছিল। কাপড়ের ব্যাগ ও কোরবানির মাংস হাতে জীবন-জীবিকার তাগিদে দেশের নানা প্রান্ত থেকে ফিরছিল চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান, কমলাপুর ও সদরঘাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। বাসে ভিড় ও ভাড়া বেশি থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করেছে অনেক যাত্রী।
এদিকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়লেও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় এখন ঢাকা ছাড়ছেন।রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, শত শত মানুষ বাস থেকে নামছে। তারপর রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। যাত্রীর ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুই দিন পর মানুষের ফেরার এমন ভিড় থাকবে না।
ট্রাফিক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের টার্মিনালগুলোতে তত্পর থাকতে দেখা গেছে। দালাল বা পকেটমারদের বিষয়ে সতর্ক থাকতে যাত্রীদের পরামর্শ দিচ্ছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
শুধু বাস টার্মিনাল নয়, সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকায় ফেরা লোকজনের ভিড় দেখা গেছে। গতকাল ভোররাত থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ভিড়তে শুরু করে। পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিল দক্ষিণাঞ্চলের মানুষ। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় গতকাল যাত্রীর ভিড় একটু বেশি ছিল।
গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, প্রচুরসংখ্যক লোক ঢাকার বাইরে যাচ্ছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বললেন, ভোরের দিকের বাসগুলোতে যাত্রীসংখ্যা একটু বেশি ছিল। সকাল ১০টার পর থেকে যাত্রীর চাপ কমে যায়।




