শেরপুরে ৫৫ হাজার নকল বিড়িসহ সোহাগ মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ৫ জুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী পৌনে তিনানীপাড়া গ্রাম থেকে নকল রশিদা বিড়িসহ তাকে আটক করা হয়। আটক সোহাগ মিয়া সদর উপজেলার তারাগড় গাংপাড়ের মৃত আসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে শেরপুরের ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের মালিকানাধীন ৩০ নং রশিদা বিড়ির প্যাকেট নকল করে বাজারে বিক্রি করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের সূর্যদী এলাকায় অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই এনামুল হক জানান, ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




