‘ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৫ উপলক্ষে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। আরও বক্তব্য দেন স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, পৌর কৃষকদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমুখ।
কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণী ও স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন জানান, চলতি বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ২১০ মেট্রিক টন ধান ও ৪৮৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা।




