গান এবং অভিনয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছেন হালের ক্রেজ প্রীতম হাসান। অন্যদিকে গানের পাশাপাশি এখন অভিনয়েও সরব আরেক গায়িকা জেফার রহমান। এবার প্রথমবারের মতো অভিনয়ে জুটি হতে চলেছেন তারা। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির নাম ‘তুমি আমি শুধু’।
এটি নির্মাণ করছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ খ্যাত শিহাব শাহীন। তিনি বলেন, ‘এই প্রজেক্টটি ২ বছর আগে চূড়ান্ত করা। তখন জেফার অভিনয়ে আসেনি। চিন্তা ছিল এই প্রজেক্টের মধ্য দিয়ে তাকে লঞ্চ করার। অন্যান্য প্রজেক্টের কারণে এটা পিছিয়ে গেল, আর ওদিকে জেফারও কিছু প্রজেক্ট করলো। প্রীতম এবং জেফারকে নিয়ে একটা নতুন জুটি তৈরি করার পরিকল্পনা থেকেই তাদের ২ জনকে কাস্ট করা।’

তিনি জানান, দর্শক নতুন কিছুই পাবে এখানে। কাস্টিংয়ে আরো কিছু চমকও রয়েছে।
জানা যায়, আগামী ৪ মে ঢাকাতে শুরু হচ্ছে ওয়েব ফিল্মটির শুটিং। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এটি নির্মিত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য। আসছে ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির।

উল্লেখ্য, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সবশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে। অন্যদিকে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা নির্মাণ করে দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়াচ্ছেন শিহাব শাহীন।




