শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩ অনুযায়ী ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

অভিযানকালে শালচূড়া এলাকায় মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একইসাথে ৩টি বাঁশের মাচা, অসংখ্য পাইপ ধ্বংসসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম অপসারণ করা হয়।
ওইসময় ইউএনও অফিস ও উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল, জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




