বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা করছে। একবার বলছে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, একবার বলে মার্চে, আবার বলছে জুনে হবে—কেন তারা এমন করছে তা আমাদের বোধগম্য নয়। ২৯ মার্চ শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা মাঠে জুলাইয়ের শহীদ পরিবার এবং হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওইসব কথা বলেন তিনি।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা বিতর্কিত, তারা একাত্তরে অপরাধ করেছেন। তাই একাত্তরের স্মৃতিকে ভুলিয়ে দিতে তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রামাণিক ও সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মন্ডল প্রমুখ।




