শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ করাতকল জব্দ করা হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে উপজেলার নন্নী ইউনিয়নের সিধুলী ও বনকুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত ওইসব করাতকল জব্দ করা হয়।

নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত করাত কলগুলো হচ্ছে সিধুলী এলাকার মেসার্স রাসেল করাত কল, মেসার্স মোখছেদুল করাত কল, মেসার্স করিম করাতকল,মেসার্স কাওছার করাতকল,মেসার্স আশরাফ আলী করাতকল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স পাওয়ার অযোগ্য ওইসব করাত কলের মালিকরা আইনের প্রতি তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকলগুলো পরিচালনা করে আসছিলেন। অভিযানে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, সমশ্চুড়া বিট কর্মকর্তা কাওসার আহমেদসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




