শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা। ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সাইমুন শাহানাজ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সনে এমএসএস এ প্রথম শ্রেণিতে প্রথম হওয়া জয়িতা আরমিন হোসেনের মা স্কুল শিক্ষক শাহানা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জন জয়িতাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী, মহিলা বিষয়ক থেকে রেজিস্ট্রেশনকৃত সমিতির সভানেত্রী ও সদস্য, জয়িতা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




