মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শেরপুর মডেল গার্লস কলেজের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী। ৬ নভেম্বর বুধবার সকালে শহরের মাধবপুরস্থ মডেল গার্লস কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন দাবির মুখে ওই আশ্বাস দেন তারা।

কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে ছাত্রীরা শিক্ষার্থীরা তাদের জানান, কলেজের চারপাশে সীমানা দেয়াল না থাকায় নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে ক্লাস করতে হয়। অনায়াসে কলেজের ভিতর যখন তখন বহিরাগত লোকজন ঢুকে পড়ে। এতে বিশেষ করে ছাত্রীরা সমস্যা বোধ করেন এবং রাতের বেলাও ছাত্রী হোস্টেলে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বসবাস করছেন। কলেজ ক্যাম্পাসে অবস্থিত পুকুর পাড়ে টিনের বেড়া এক সময় থাকলেও দীর্ঘ কয়েক বছর যাবৎ সীমানা প্রাচীর না থাকায় যখন তখন লোকজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ও ছাত্রীদের ইভটিজিং করে থাকেন।
ওইসময় কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী বলেন, এই কলেজের উন্নয়নে আমি প্রয়োজনীয় অর্থ দিয়ে সহযোগিতা করব এবং জেলা প্রশাসককে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কলেজের সীমানা দেয়াল দেওয়ার ব্যবস্থা করে নিরাপত্তার ব্যবস্থা করব।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশসহ অন্যান্য প্রভাষক, শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




