শেরপুরের নকলায় শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতনের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে নকলা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

২ অক্টোবর বুধবার বিকেলে নকলা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে ওই মানববন্ধন হয়। বৈষম্য নিরসনে উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ এসবের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন কায়দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, পাঁচকাহনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিদুর রহমান সোহান, ছাতুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিয়াজুল হাসান, পিপড়ীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফর রহমান উজ্জল প্রমুখ।

মানববন্ধন শেষে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা তামান্না হোরায়রার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে নকলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।




