শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান ২ আসামি মো. রায়হান (৩০) ও আব্দুস সালাম (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। ৩১ আগস্ট শনিবার দুপুরে সদর উপজেলার চরখারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রায়হান সদর উপজেলার মধ্যবয়ড়ার আব্দুস সালামের ছেলে ও আব্দুস সালাম (৫০) একই এলাকার সোহরাব আলীর ছেলে। তারা সম্পর্কে বাবা–ছেলে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র্যাব জানায়, গত ২১ আগস্ট শেরপুর সদর উপজেলার ভাতশালা নামাপাড়া এলাকার জনৈক আবু রায়হানের কন্যা নিখোঁজের দুইদিন পর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। এ ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ী করে তারা। পরে ২১ আগস্ট রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে আসলে সাজ্জাদকে কুপিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। এসময় তার মামা মুক্তার আলীসহ তিনজন আহত হয়। আহতদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে নিহত সাজ্জাদের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল।
হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করে।

র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক আজ রাতে বলেন, গ্রেফতারকৃত আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




