শেরপুরের নলিতাবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে গোপাল জিউর মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। তবে দেশে চলতি বন্যার কারণে দুর্গতদের সমবেদনা জানিয়ে জন্মাষ্টমী উৎসবটি এবার অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে।

এর আগে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. কিরণ দত্ত, এডভোকেট শুধাংশু কালোয়ার, গোপাল চন্দ্র সাহা, যোগেন চন্দ্র রায়, জয়জিৎ দত্ত শ্যামল, এডভোকেট হরিদাস কর্মকার স্বপন, বিবেক সাহা, সুকুমার বর্মণ, কালাচান পাল, বিজয় চন্দ্র সিংহ প্রমুখ।
এতে বক্তারা বলেন, আমরা সংখ্যালঘু পরিচয় চাই না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের ন্যায্য অধিকার চাই। জাতি,ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

এসময় বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য তহবিল গঠন ও আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়।




