শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, দানবীর স্বর্গীয় সুরেন্দ্র মোহন সাহা ট্রাস্টি বোর্ডের সভাপতি, সত্যবতী সিনেমা হলের স্বত্বাধিকারী সন্তোষ কুমার রায় (পরিমল সাহা) পরলোক গমন করেছেন। তিনি ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শহরের রঘুনাথবাজার এলাকার নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ছিলেন শেরপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, পাতাবাহার খেলাঘর আসনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শরণ রায়ের পিতা।
তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়ার সাথে সাথে সনাতন ধর্মাবলম্বী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর শোনার পর তাকে একনজর দেখার জন্য ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক। ওইসময় তিনি পরিমল সাহার মরদেহের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। সেইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ তার আত্মার শান্তি কামনা করেন।

পরে বিকেলে শহরের শেরী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।




