শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা, কবি ও লেখক মো. আব্দুল মান্নান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি ১২ মার্চ মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন ।

১৩ মার্চ বুধবার বাদ যোহর দুপুর আড়াইটায় গিলাগাছা তালুকদার বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।
মরহুমের জানাজা নামাজে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ জামাল আশিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, গোসাইপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো নুরল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আল-আমিন, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন ছালেম, অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মো. আব্দুল মান্নান কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তিনি বিশেষ অবদান রাখেন। কবিতা ও বিভিন্ন উপন্যাস লিখেছেন তিনি।




