কলেজে প্রেমের নামে ইভটিজিং করতে দেবেন না বলে জানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানুয়ার হোসেন ছানু। ১০ মার্চ রবিবার বিকেলে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওই কথা বলেন তিনি।

তিনি বলেন, শেরপুর কলেজের সঙ্গে আমার হৃদয় জড়িত। আমি এই কলেজের প্রাক্তন ছাত্র। আমি এই কলেজের মঙ্গল চাই। এই কলেজে প্রেমের নামে আমি ইভটিজিং করতে দেব না।
তিনি আরও বলেন, তোমরা আমাকে ভোট দাও বা না দাও, আমাকে গালিগালাজ করো, তবুও কলেজে আমি কোনো অন্যায় মেনে নিব না। যারা এসব করবে তাদের প্রকাশ্যে বিচার হবে। আমাদের শেরপুর জেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই তোমাদের আগামী দিনের শেরপুরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তোমাদেরকে ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। ওইসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, কলেজের সাবেক ভিপি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসানসহ প্রমুখ।
সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ওইসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




