শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেছেন, আপনারা এ আসনটিকে বাগানের মতো সাজাবেন। আমি আপনাদের সেই বাগানের মালি হয়ে কাজ করতে চাই। তিনি ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিদের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি শ্রীবরদী আর ঝিনাইগাতীর মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। আপনাদের শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য আমি একজন পাহারাদার হিসেবে কাজ করতে চাই। আমাদের সৌন্দর্যে ঘেরা গারো পাহাড় আছে। আমরা এই গারো পাহাড়কে পর্যটন কেন্দ্র করে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সবাইকে মিলেমিশে স্মার্ট এলাকা হিসেবে গড়ে তোলার আহবান জানান।
শ্রীবরদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী লাল মিয়ার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ভাসানী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নবনির্বাচিত এমপি এডিএম শহিদুল ইসলামকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহবান জানান। সংবর্ধনায় আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের সহস্রাধিক লোকের সমাগম ঘটে। পরে অনুষ্ঠিত হয় যাদু ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন মুনিয়া মুন ও হাসনা হেনা।




