শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, মায়ের ভাষাকে রক্ষায় বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই। এজন্য আমাদের শহীদ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল।
সভায় আরও বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুওয়ান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রাজিব উল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, ডিআইও-১ জাহাঙ্গীর আলমসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকল্পে উপস্থিত সকলেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে দিবসের প্রথম ভাগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে শৃঙ্খলা রক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন, ছড়া, আবৃতি ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে ভাষা দিবসের প্রেক্ষাপটে ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেইসাথে অনুষ্ঠানে স্থানীয় প্রয়াত ভাষা সৈনিকদের পরিবারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর উপরও গুরুত্বারোপ করা হয়।




