শেরপুরে আন্তঃজেলা ডাকাত দল ‘মস্কো বাহিনী’র প্রধান মস্কো ওরফে মস্কো চোরাকে (৫৯) একটি চোরাই গরুসহ আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে জনতা। ১৪ জানুয়ারি রবিবার ভোররাতে চোরাই গরু নিয়ে যাওয়ার পথে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা উত্তরপাড়া হতে একটি গরুসহ মস্কোকে আটক করে স্থানীয়রা। মস্কো (৫৯) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত শহর মিয়ার ছেলে। পরে দুপুরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যোগিনীমুড়া গ্রামের ইউপি সদস্য মুন্নাফ আলী বলেন, শনিবার রাতে মস্কো যোগিনীমুরা উত্তর পাড়ার সুতারবাড়ি, জাহাঙ্গীর মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেয়। কিন্তু তাতে সে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে খুঁজতে থাকে। এরপর একপর্যায়ে উত্তরপাড়ার মৃত ইফাজ উদ্দিনের ছেলে ও মস্কোর খালাতো ভাই এমদাদ ওরফে এনদাল মিয়ার ঘরে সে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা এনদালের ঘরের ভিতরে লুকিয়ে থাকা মস্কোকে খুঁজে পায়। লোকজন জড়ো হলে পাশেই একটি কলাবাগানে গরু দেখতে পায় স্থানীয়রা।
মস্কো জানায়, গরুটি অন্য গ্রাম হতে চুরি করে নিয়ে এসেছে সে। এদিকে রাতেই এনদাল মিয়া সটকে পড়ে। পরে রবিবার সকালে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর হতে গরুটির মালিক এসে গরুটি চিহ্নিত করে । এরপর দুপুরে মস্কোকে সদর পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন চুরি-ডাকাতির সাথে জড়িত থাকার পর সে মাঝখানে চুরি-ডাকাতি বাদ দিয়েছিল। এরপর গত কয়েকবছর যাবত সে সদর থানার সোর্স হিসেবেও কাজ করেছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, মস্কোকে পুলিশ আটক করেছে এবং চুরির গরুটিও জব্দ করে থানায় আনা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।









